বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য আটক, এসএমজি ও গুলি উদ্ধার

বান্দরবান, ২৪ ফেব্রুয়ারি – বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় জনসংহতি সমিতির (জেএসএস-মূল) সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে একটি সাবমেশিনগানসহ (এসএমজি) বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সশস্ত্র সন্ত্রাসীরা ওই এলাকায় অবস্থান নিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করছে। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জেএসএস সদস্যরা পালানোর চেষ্টা করে এবং টহল দলের ওপর গুলি চালায়। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া দেয়। সন্ত্রাসীরা প্রথমে একটি স্কুলঘরে আশ্রয় নেয়ার চেষ্টা করে এবং পরে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকা তল্লাশি করে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের এক জেএসএস সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আহত ওই ব্যক্তিকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি এসএমজি, ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্লাঙ্ক গুলি এবং দুটি ম্যাগাজিন।
পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬








