সিলেটে চাঁদাবাজদের ধরে খবর দেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের

সিলেট, ২৩ ফেব্রুয়ারি – সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আধ্যাত্মিক এই নগরীতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না এবং এখানে সবাই শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য ও জীবনযাপন করবেন।
সোমবার বিকেলে নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জানতে চান, কেউ তাদের কাছে চাঁদা দাবি করছে কি না। ব্যবসায়ীরা বিষয়টি অস্বীকার করলে তিনি পরামর্শ দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ যদি চাঁদা চায় বা দাবি নিয়ে হাজির হয়, তবে তাদের আটকে রেখে প্রশাসনের কাছে খবর দিতে হবে। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও উল্লেখ করেন, চাঁদাবাজদের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে এবং এ নিয়ে নিয়মিত কাজ চলছে। এ সময় র্যাব-৯ এর সদস্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









