জাতীয়

সরকার বদলালেও চাঁদাবাজি ও দুর্নীতি কমেনি, বেড়েছে ৫০ শতাংশ: ডিসিসিআই সভাপতি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে যে হারে চাঁদা দিতে হতো, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে একই হারে চাঁদা দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আগের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে চাঁদা দিতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সোমবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নবগঠিত সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাসকিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি দপ্তরে এক দিনের জন্যও দুর্নীতি কমেনি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারের প্রতি শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তাঁর মতে, সরকারি দপ্তরের দুর্নীতি শক্ত হাতে দমন করা না হলে সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন করতে পারবে না। অর্থনীতিতে পুনর্জাগরণ ঘটাতে হলে বেসরকারি খাত সচল করার ওপর গুরুত্বারোপ করেন ঢাকা চেম্বারের সভাপতি।

এ লক্ষ্যে তিনি চারটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

দ্বিতীয়ত সরকারি দপ্তরগুলোকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে হবে, যাতে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পান।

তৃতীয়ত ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় ফেরার সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে তাদের মূলধন জোগান দিতে হবে।

চতুর্থত ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language