জরুরি ভিত্তিতে পুলিশে ২৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনো ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলো বর্তমানে অবৈধ হিসেবে গণ্য হবে এবং এগুলো উদ্ধারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রয়োজনে এসব নিয়ে মামলাও হতে পারে।
বিগত সরকারের সময়ে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে যাদের লাইসেন্স দেওয়া হয়েছিল তা বাতিল করা হবে। লাইসেন্সপ্রাপ্তরা আদতে অস্ত্র রাখার যোগ্য কি না তা খতিয়ে দেখা হবে এবং অযোগ্যদের লাইসেন্স বাতিল করে তাদের কাছে থাকা অস্ত্র জব্দ করা হবে।
জনগণের প্রত্যাশা পূরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









