মাদ্রাসায় নিয়োগে নতুন জনবল ও এমপিও নীতিমালা মানা বাধ্যতামূলক

ঢাকা ২৩ ফেব্রুয়ারি – বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ এর আওতাবহির্ভূত সকল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখন থেকে এসব পদে জনবল নিয়োগের ক্ষেত্রে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। অধিদপ্তর সাফ জানিয়ে দিয়েছে, নীতিমালা অমান্য করে কোনো নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট পদের জন্য এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার সুবিধা প্রদান করা হবে না।
সম্প্রতি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। সাধারণত বেসরকারি মাদ্রাসাসমূহে এনটিআরসিএ এর আওতার বাইরের পদগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।
তবে নতুন নির্দেশনা অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়াটি এখন থেকে অবশ্যই জারিকৃত নতুন নীতিমালা মেনে সম্পন্ন করতে হবে। অধিদপ্তর কঠোর সতর্কতা জারি করে বলেছে, নতুন নীতিমালা অনুসরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনোভাবেই এমপিও দেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যেই এই নির্দেশনার অনুলিপি দেশের সকল বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সভাপতি, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এবং অধ্যক্ষ ও সুপারদের কাছে প্রেরণ করা হয়েছে। মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অযোগ্য প্রার্থী নিয়োগ রোধ করার লক্ষ্যেই এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









