কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ সেশনের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি – কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার এ, বি এবং সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেল থেকে ফলাফল দেখতে পারছেন।

ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে। আগামী ১২ এপ্রিল থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদের অফিস চলাকালীন সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের পূরণকৃত ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক এক কপি ফটোকপি জমা দিতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে। ভর্তি ফি হিসেবে ব্যাংকে ১৪ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। এর বাইরে ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও প্রযোজ্য হবে। ভর্তিচ্ছুদের বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন চালু কিংবা বন্ধ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। উল্লেখ্য, একবার মাইগ্রেশন সুবিধা বন্ধ করলে পরবর্তীতে তা আর চালু করার সুযোগ থাকবে না।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language