মামুনুল হকের বিরুদ্ধে মামলার হুমকির কড়া জবাব দিল খেলাফত মজলিস

ঢাকা-১৩, ২৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ঢাকা-১৩ আসনের ফলাফল ডাকাতি এবং ববি হাজ্জাজের অব্যাহত মিথ্যাচার অচিরেই সরকার পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। এর আগে রবিবার সকালে নির্বাচনের দিন হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে ধানমন্ডির একটি হাসপাতালে যান ববি হাজ্জাজ। সেখানে তিনি কেন্দ্র দখল ও হামলার অভিযোগ তুলে মামুনুল হকের বিরুদ্ধে মামলার কথা বলেন। খেলাফত মজলিসের বিবৃতিতে ববি হাজ্জাজের এই বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই হুমকি কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। জনগণের রায়কে আড়াল করতেই এমন অপপ্রচারের আশ্রয় নেওয়া হচ্ছে। জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন, ঢাকা-১৩ আসনে মামুনুল হকের রিকশা প্রতীকের বিপুল জনসমর্থন দেখে ফলাফল বিকৃতির নীলনকশা বাস্তবায়ন করা হয়েছে। ফলাফল শিটে ঘষামাজা এবং চূড়ান্ত ফলাফল পরিবর্তনের মাধ্যমে রেজাল্ট ডাকাতি সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন। বিবৃতিতে আরও বলা হয়, একাধিক টেলিভিশনে মামুনুল হককে বিজয়ী ঘোষণার পর হঠাৎ ফলাফল পরিবর্তন জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। অতীতের মতো মামুনুল হককে দমনে মিথ্যা মামলা ও চরিত্রহননের কৌশল নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে দলটি।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









