দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৬১ হাজার

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সব রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস জানিয়েছে যে সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় দাঁড়িয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারিও সোনার দাম বাড়ানো হয়েছিল। মাত্র দুদিনের ব্যবধানে ফের দাম বাড়ল।
তবে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হবে।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬








