মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও সংশোধনে জরুরি নির্দেশনা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড, প্রিন্ট এবং তথ্যের ভুল সংশোধনের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে। রবিবার ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে বোর্ডের ই এসআইএফ লিংকে প্রবেশ করে নির্দিষ্ট অপশন নির্বাচনের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর ই রেজিস্ট্রেশন প্রিন্ট ২০২৫ অপশন থেকে কার্ড ডাউনলোড করা যাবে। ডাউনলোডকৃত কার্ড প্রিন্ট করে তাতে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন নম্বর এন্ট্রি করা হয়নি তাদের রেজিস্ট্রেশন নম্বর আপাতত ইস্যু করা হয়নি। জন্মনিবন্ধন নম্বর যুক্ত করার পর তাদের কার্ড ডাউনলোড করা যাবে এবং এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত বোর্ড ফি প্রয়োজন হবে না।
তবে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, ছবি, বাবা মায়ের নাম ও লিঙ্গসহ যেকোনো যৌক্তিক সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ ধরনের সংশোধনের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। বোর্ড জানিয়েছে, এখন থেকেই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত তথ্য সংশোধনের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরবর্তীতে জটিল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে সহজেই তথ্য যাচাই করার সুযোগ রাখা হয়েছে।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









