বঙ্গভবনে দেড় বছরের রুদ্ধশ্বাস দিনলিপি ও অন্তর্বর্তী সরকারের চাপ প্রসঙ্গে মুখ খুললেন রাষ্ট্রপতি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বঙ্গভবনের চারদেয়ালে গত দেড় বছর যেন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন পার করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে ঘিরে চলা নানা চক্রান্ত, পদত্যাগের চাপ এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন রাষ্ট্রপ্রধান। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তিনি ছিলেন অবিচল।
রাষ্ট্রপতির বয়ানে উঠে এসেছে ২০২৪ সালের ২২ অক্টোবরের সেই ভয়াল রাতের কথা, যখন বঙ্গভবন ঘেরাও করার চেষ্টা করা হয়েছিল। তিনি জানান, সেই রাতে তাকে ব্ল্যাকমেইল করার জন্য পরিকল্পিতভাবে কিছু ঘটনা সাজানো হয়, তবে সেনাবাহিনীর কঠোর অবস্থানে সেই চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। রাষ্ট্রপতি উল্লেখ করেন, সেই দুঃসময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে অভয় দিয়েছিলেন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিকতার প্রশংসা করেন তিনি।
এছাড়া সশস্ত্র বাহিনীও তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত দেড় বছরে একবারও তার সঙ্গে সাক্ষাৎ করেননি এবং বিদেশ সফরের বিষয়ে কোনো সমন্বয় করেননি। এমনকি রাষ্ট্রপতির বিদেশ সফর আটকে দেওয়া এবং বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার প্রেস উইংয়ের সদস্যদের সরিয়ে দিয়ে তাকে কার্যত একঘরে করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন রাষ্ট্রপ্রধান। এতকিছুর পরেও সাংবিধানিক শূন্যতা রোধে তিনি পদত্যাগ না করে দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









