মধ্যপ্রাচ্য

সামরিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক

তেহরান, ২৩ ফেব্রুয়ারি – ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা ও সামরিক সংঘাতের ঝুঁকির মধ্যেই পারমাণবিক আলোচনা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার জেনেভায় দুই দেশের মধ্যে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান না হলে পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে মোড় নিতে পারে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ইতিবাচক প্রচেষ্টা চালানো হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে তাদের পারমাণবিক কর্মসূচিতে নতুন করে ছাড় দিতে রাজি হয়েছে। তবে তেহরান তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাম্প্রতিক আলোচনাকে উৎসাহজনক হিসেবে অভিহিত করেছেন এবং যেকোনো পরিস্থিতির জন্য তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছেন।

অন্যদিকে মার্কিন পক্ষের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রশ্ন তুলেছেন, এতো চাপের পরেও ইরান কেন এখনো তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়নি বা নতি স্বীকার করেনি। তিনি জানান, যুক্তরাষ্ট্র জানতে আগ্রহী কেন ইরান এখনো তাদের অবস্থান পরিবর্তন করছে না।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language