জাতীয়

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদ। তিনি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, যেখানে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে সেনাবাহিনীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে বদলি করে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে পাঠানো হয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language