জাতীয়

রুমিন ফারহানাকে বাধা ও কর্মীদের মারধর: ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া, ২২ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা প্রদান ও তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে, যাদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

রোববার দুপুরে রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় এই মামলাটি করেন।

মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে প্রধান আসামি বিএনপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন এবং মামলা সম্পর্কেও কিছু জানেন না।

উল্লেখ্য, গত শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় শহীদ মিনারে ফুল দিতে গেলে বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। সে সময় তাঁর কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতির কারণে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই ফিরে আসেন।

এ ঘটনার প্রতিবাদে রাতেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তাঁর অনুসারীরা।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language