জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে যুক্ত হলেন আইনজীবী শিশির মনির

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নীতিনির্ধারণী ফোরাম হিসেবে পরিচিত কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
রোববার দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
ছাত্রজীবনে আলোচিত এই আইনজীবী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলা এবং দলের শীর্ষ নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এ ছাড়া স্থগিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার আইনি লড়াই সর্বমহলে প্রশংসিত হয়েছিল।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জের একটি আসন থেকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যবিশিষ্ট এই নতুন কর্মপরিষদ গঠন করা হয়। এই কমিটিতে ২১ জন নারী সদস্য স্থান পেয়েছেন।
নবগঠিত কর্মপরিষদে এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মাওলানা রফিকুল ইসলাম খানের মতো জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









