যশোর

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, ৬৩ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

যশোর-১, ২২ ফেব্রুয়ারি – যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৬৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাদের তিন ছেলের সম্পদের তথ্যে অসামঞ্জস্য পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এ মামলার এজাহারকারী কর্মকর্তা হলেন উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম। প্রথম মামলার তথ্যানুযায়ী সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা।

ফলে ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। দ্বিতীয় মামলায় শেখ আফিল উদ্দিনের স্ত্রী মোছা. তাহেরা সোবহার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে তার নামে ১৮ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৮৬৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকা হলেও বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা।

অর্থাৎ তার বিরুদ্ধে ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিকে শেখ আফিল উদ্দিনের তিন ছেলে শেখ কুতুব উদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের সম্পদের তথ্যে অসঙ্গতি পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। দুদক জানায় এই তিনজনের আয়ের চেয়ে যথাক্রমে ২ কোটি ১৬ লাখ, ১ কোটি ৯৬ লাখ এবং ৭০ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language