মৌলভীবাজার

জনদুর্ভোগ এড়াতে পথসভা বাতিল, হাসপাতাল পরিদর্শনে শ্রীমঙ্গলের এমপি

মৌলভীবাজার-৪, ২২ ফেব্রুয়ারি – মৌলভীবাজার-৪ বা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় এসেছেন। রবিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় তাঁর একটি নির্ধারিত পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই কর্মসূচি বাতিল করে তিনি সরাসরি ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দলীয় নেতাকর্মীদের বাইরে রেখে তিনি একাই হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতার পাশাপাশি নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি রোগীদের মাঝে এক প্যাকেট করে গরুর দুধ বিতরণ করেন।

পরিদর্শনের সময় তিনি চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের জনবল সংকট, পর্যাপ্ত শয্যার অভাব এবং চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন, এই এলাকার মানুষের ভালোবাসা ও ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন। তাই দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবে তাঁদের সেবার জায়গাগুলো তিনি দেখতে চেয়েছেন। হাসপাতালে কিছু সীমাবদ্ধতা লক্ষ করেছেন এবং এই সংকট দূর করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

জনসমাগম এড়ানোর বিষয়ে তিনি জানান, পথসভা হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে। সেই বিবেচনা থেকেই তিনি পথসভা বাতিল করেছেন। তিনি চান না তাঁর কারণে জনগণের কোনো প্রকার কষ্ট হোক।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language