মা-বাবার মতো হজযাত্রীদের খেদমত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজযাত্রীরা মহান আল্লাহর মেহমান এবং তাঁদের সেবা করতে পারা অত্যন্ত সৌভাগ্য ও মর্যাদার বিষয়। তাই মা-বাবার মতো করে হজযাত্রীদের খেদমত করতে হবে। রবিবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। মন্ত্রী বলেন, হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর তাঁদের যথাযথ সেবা না দিলে বা কষ্ট দিলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন। তাই সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি হজ গাইডদের প্রতি আহ্বান জানান।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন উল্লেখ করেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বর্তমান সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয়, সে বিষয়ে সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো প্রকার শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ জানান তিনি।
এ সময় মন্ত্রী ঘোষণা দেন যে, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানকারী তিনজন গাইডকে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, হজ পরিচালক মো. লোকমান হোসেন এবং হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









