জাতীয়

২০২৫ সালে বাংলাদেশিদের জন্য ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – সৌদি আরব সরকার ২০২৫ সালে বাংলাদেশিদের জন্য সাড়ে সাত লাখ কাজের ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে। রবিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বৈঠকে রাষ্ট্রদূত আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনার কথা স্মরণ করেন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়ার সৌদি আরবে ঐতিহাসিক সফরের কথাও উল্লেখ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং মুসলিম উম্মাহজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে কাজের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উভয় দেশের ভূকৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি সহায়তার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সংকটে সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করেন। সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০ এর প্রশংসা করেন এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language