জাতীয়

অপপ্রচার নিয়ে চিন্তিত নই, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: ববি হাজ্জাজ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – নিজের বিরুদ্ধে চলা অপপ্রচার নিয়ে মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, মিথ্যা প্রচার নিয়ে ভাবার সময় নেই, কারণ সামনে অনেক কাজ বাকি। রবিবার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ঢাকা ১৩ আসনের নির্বাচনী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন। ববি হাজ্জাজ উল্লেখ করেন যে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করতে তাদের অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছে। প্রতিপক্ষরা কেন্দ্র দখলের চেষ্টা চালালে দলীয় কর্মীরা তা প্রতিহত করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বাহিনীর সদস্যদের পৌঁছানোর আগেই দুর্বৃত্তদের হামলায় তার কয়েকশ নেতাকর্মী আহত হন।

তিনি জানান, হায়দার আলী নামে তার এক নেতা গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং থানায় মামলা দায়ের করা হবে। মোহাম্মদপুরের আদাবরে সাম্প্রতিক চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। ঘটনার মূল আসামি রাসেলসহ পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া এমব্রয়ডারি মালিক সমিতির সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানান। সেনাবাহিনীর ক্যাম্প সরে যাওয়ায় এলাকার নিরাপত্তা জোরদার প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানার ওসিদের সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। লোকবল ও যানবাহনের প্রয়োজনীয়তা নিয়ে ডিএমপি কমিশনার ও আইজিপির দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শীঘ্রই সংকট নিরসনের আশ্বাস পাওয়া গেছে।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language