জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬, মোট প্রাণহানি ৫৮৬

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বিদায়ী জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১ হাজার ২৩৮ জন আহত হয়েছেন।
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলোচ্য সময়ে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ এবং নিহতের ৪০.৮৪ শতাংশ। জানুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।
এই বিভাগে ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে, যেখানে ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। নিহতদের পেশাগত পরিচয় বিশ্লেষণে দেখা যায়, সড়কে প্রাণ হারানোদের মধ্যে দুজন পুলিশ সদস্য, দুজন সেনা সদস্য, একজন নৌবাহিনীর সদস্য, চারজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, ১২৭ জন বিভিন্ন পরিবহণের চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহণ শ্রমিক, ৮ জন শিক্ষক ও ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল, ২৩.৬৪ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি এবং ১৪.৩৫ শতাংশ বাস।
দুর্ঘটনার কারণ হিসেবে দেখা গেছে, ৪৮.৩৬ শতাংশই ঘটেছে গাড়িচাপা দেওয়ার কারণে এবং ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এছাড়া ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৪২.৫৭ শতাংশ, আঞ্চলিক মহাসড়কে ২৭.৮৯ শতাংশ এবং ফিডার রোডে ২৪.০৯ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









