আনিসুল হক ও সালমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারিক কার্যক্রমের প্রথম দিনে একজন আহত আন্দোলনকারী নিজের জবানবন্দি উপস্থাপন করবেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে এই মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন যাদের মধ্যে আজ প্রথম দিনে একজন আহত জুলাই যোদ্ধা আদালতের সামনে সাক্ষ্য দেবেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন।
একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে নয়জন তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানিও আজ নির্ধারিত রয়েছে। অন্যদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান মামলায় আজ তার সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন পক্ষ। বিচারের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসানুল হক ইনুকে এরইমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









