ক্রিকেট

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবির প্রত্যাশা ও ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়ন ভাবনা

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। একজন পুরোদস্তুর ক্রীড়াবিদকে মন্ত্রণালয়ের শীর্ষ পদে পাওয়ায় প্রত্যাশার পারদ কিছুটা বেশিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নতুন প্রতিমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আগ্রহী।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে জানান, একজন ক্রীড়াবিদকে মন্ত্রী হিসেবে পাওয়াটা সৌভাগ্যের। তিনি মাঠের মানুষ হওয়ায় খেলোয়াড়দের সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারবেন এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারবেন। আমিনুল হকের অধিনায়কত্বে বাংলাদেশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল, যা তার নেতৃত্বের গুণের প্রমাণ।

ফারুক আহমেদ মনে করেন, শুধু ক্রিকেট নয়, সব ধরণের খেলাধুলাকেই নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এখন তৈরি হয়েছে।

ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের টানাপড়েন কাটাতেও আমিনুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন বিসিবির এই কর্মকর্তা। তার মতে, মন্ত্রী হওয়ার পর আমিনুল হকের বিচক্ষণতা ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বর্তমানে আইসিসির সঙ্গে সম্পর্ক খুব একটা মসৃণ পর্যায়ে নেই উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, এই মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন।

সরকারি সিদ্ধান্তে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি বিসিবির একক কোনো সিদ্ধান্ত ছিল না। নিরাপত্তার হুমকি ও মুস্তাফিজুর রহমানের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার যে অবস্থান জানিয়েছিল, বোর্ড কেবল তা অনুসরণ করেছে।

উল্লেখ্য, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শপথ গ্রহণের পরপরই সংসদ ভবনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language