কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কেবল কেন্দ্রীয় শহিদ মিনারেই নয়, গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের স্মৃতি মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডির নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।
এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬









