লক্ষীপুর

মব কালচার থেকে সরে এসে দায়িত্বশীল হওয়ার আহ্বান এ্যানির

লক্ষ্মীপুর, ২১ ফেব্রুয়ারি – মব কালচার বা বিশৃঙ্খল সংস্কৃতি থেকে সরে এসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি সতর্ক করে বলেছেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেশ গঠন করা সম্ভব নয় বরং এতে জাতীয় অগ্রযাত্রা ব্যাহত হয়। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, যারা মব কালচারের চর্চা করছেন তাদের উচিত এই পথ পরিহার করা। তিনি বলেন, মব মানেই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় বাধা হতে পারে।

দেশ ও সরকারের প্রতি সহযোগিতার মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তবে সেই দায় তাদের নিজেদেরই বহন করতে হবে। সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় স্বাভাবিক নিয়মেই পার্লামেন্টে বিল উত্থাপিত হবে। এটিকে তিনি জুলাই সনদের অংশ হিসেবে অভিহিত করে বলেন, হ্যাঁ-এর জন্য আলাদা শপথের প্রয়োজন নেই এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

ভিন্নমত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশ গঠনের প্রশ্নে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও সব ইস্যুতে বিরোধিতার মানসিকতা ত্যাগ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে আন্তরিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language