শহীদ মিনারে মানুষের ঢল, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও তিন বাহিনী প্রধান

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।
একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। পরবর্তীতে বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।
তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদনের পর সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহীদ মিনারে আগত অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায় এবং তাদের হাতে ছিল জাতীয় পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন।
এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬









