পরিবহনে চাঁদাবাজি বৈধতা দিলে স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ হবে: যাত্রী কল্যাণ সমিতি

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – পরিবহন মাফিয়াদের আনুকূল্য পেতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাই পরিবহনে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই আহ্বান জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে পরিবহনে চাঁদাবাজি একটি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। এর ফলে কতিপয় পরিবহন মালিক ও শ্রমিক নেতা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এবং অনেকে শত শত বাসের মালিক বনে গেছেন। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এই চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায়নি।
যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিতে আরও বলা হয়, সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির প্রত্যক্ষ প্রভাবে নিম্ন আয়ের মানুষের বাস ভাড়া বেড়ে যাচ্ছে এবং পণ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে তা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সংগঠনটি মনে করে, গণমানুষের দলের পরিবহন মাফিয়াদের আনুকূল্যের প্রয়োজন নেই। তাই অবিলম্বে পরিবহন খাতে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









