ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুটি ড্রেজার ধ্বংস

শেরপুর, ২০ ফেব্রুয়ারি – শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করার পাশাপাশি বিচ্ছিন্ন করা হয় প্রায় ১ হাজার ফুট পাইপলাইন।
প্রশাসন সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীটি থেকে বালু তুলে আসছিল, যা নদী রক্ষা বাঁধ ও আশপাশের কৃষিজমির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হলে বালু ব্যবসায়ীরা পালিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









