শহীদ মিনারে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, মোতায়েন থাকছে ১৫ হাজার পুলিশ
ঢাকা, ২০ ফেব্রুয়ারি – একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে নিশ্চিত করেন তিনি।
এই নিরাপত্তা পরিকল্পনায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার উল্লেখ করেন যে মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক জনসমাগম হবে। তাই পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলার দায়িত্বে থাকবেন।
শহীদ মিনারের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। জাতীয় নির্বাচনে পুলিশের সফল ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, জনগণ যেমন সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছেন, তেমনি অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা থাকবে না। নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম এবং ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুরো ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাধারণ মানুষের চলাচলের রুট ম্যাপ সম্পর্কে নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং হয়ে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। অন্য কোনো পথে প্রবেশ নিষিদ্ধ থাকবে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখার পুল হয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হবে।
তিনি দর্শনার্থীদের কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করার অনুরোধ জানান। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশপথগুলোতে ডাইভারশন বা যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









