মধ্যপ্রাচ্য

মিশরে ট্রাক ও পিকআপের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৮

কায়রো, ২০ ফেব্রুয়ারি – মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে যে পণ্যবাহী দুটি বিশাল ট্রাকের মাঝখানে পড়ে যাত্রীবাহী পিকআপটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জানা গেছে দুর্ঘটনাকবলিত পিকআপটি স্থানীয় জেলেদের বহন করে উপকূলীয় পোর্ট সাইদ এলাকার একটি মাছের খামারে নিয়ে যাচ্ছিল।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় গভর্নরের মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language