দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে সাশ্রয় ৩২৬৬ টাকা

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা এবং ১৮ ক্যারেট মানের স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে। এদিকে স্বর্ণের দাম কমলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা বহাল রাখা হয়েছে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬








