বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়, স্কোর ৩২২ নিয়ে পরিস্থিতি ‘দুর্যোগপূর্ণ’

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে এই দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৩২২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বায়ুমানের এই স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ৪০৬ স্কোর নিয়ে শহরটির বায়ুমান বর্তমানে চরম দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা এবং শহরটির স্কোর ২১২ যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। ২০৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কাতারের দোহা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫০ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। তবে স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









