এইচএসসি ২০২৬: ফরম পূরণ শুরু ১ মার্চ, ফি নির্ধারণ

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকছে।
বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য মোট ফি ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয় থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে বলে বোর্ড জানিয়েছে। পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









