কুমিল্লা

লালমাইয়ে প্রতিবন্ধী জাবেদ ওমরের পাশে বসুন্ধরা শুভসংঘ

লালমাই, ১৯ ফেব্রুয়ারি – কৃষি শ্রমিক জাফর আহমেদের বড় ছেলে জাবেদ ওমর। একুশ বছর বয়সী এই তরুণ জন্মগতভাবেই শারীরিক ও বাকপ্রতিবন্ধী। দশ বছর বয়স পর্যন্ত তাকে হামাগুড়ি দিয়ে চলতে হতো। পরবর্তীতে ধর্মের প্রতি অনুরাগ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে যাওয়া শুরু করেন তিনি। গত এগারো বছর ধরে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিয়মিত জামাতে নামাজ আদায় করছেন জাবেদ।

পারিবারিক অস্বচ্ছলতা আর জাবেদের এই ধর্মপরায়ণতাকে সম্মান জানিয়ে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে তাকে বিশেষ উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলায় জাবেদ ওমরের হাতে এই ‘রমজান উপহার’ তুলে দেন বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সদস্যরা। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগে জাবেদ ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের লালমাই ও সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম।

এছাড়া লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মাছুম বিল্লাহ মুহাজির ও ফরহাদ উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল এবং সদস্য মো. সৈকত উপস্থিত ছিলেন। জাবেদের বাবা জাফর আহমেদ জানান, চার সন্তানের মধ্যে জাবেদ সবার বড়। অভাবের সংসারে সবার ভরণপোষণ জোগাতেই তাকে হিমশিম খেতে হয়, তাই ছেলের সুচিকিৎসা করানো সম্ভব হয়নি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানের বাজার করা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন। তবে বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে এখন রমজান মাসটি ভালোভাবে কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন। লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে তাদের এই অবস্থান প্রশংসনীয়।

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না বলেন, রমজানের শুরুতেই জাবেদের মতো একজন ধর্মপরায়ণ তরুণের হাতে উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। তার মুখের হাসি আমাদের কাজের অনুপ্রেরণা যোগাবে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা জাবেদ ওমর সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language