বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, জেনে নিন কার বেতন কত

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে। এবারের কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এবার চুক্তিতে ‘এ’ প্লাস নামে কোনো ক্যাটাগরি রাখা হয়নি এবং কোনো ক্যাটাগরিতেই ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়নি। তবে আগের বারের ২২ জন থেকে বাড়িয়ে এবার ২৮ জনকে চুক্তির আওতায় আনা হয়েছে।
ক্রিকেটারদের চারটি আলাদা গ্রেডে ভাগ করা হয়েছে। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। এছাড়া চুক্তিতে পুনরায় ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন। স্বস্তির খবর হলো আগের চুক্তি থেকে কেউ বাদ পড়েননি।
গ্রেড অনুযায়ী ক্রিকেটারদের বেতনের তালিকাও প্রকাশ করা হয়েছে। ‘এ’ গ্রেডে থাকা চারজন ক্রিকেটারের মাসিক বেতন ৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।
‘বি’ গ্রেডে থাকা ১১ জন ক্রিকেটার মাসে ৬ লাখ টাকা করে পাবেন। এই গ্রেডে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
অন্যদিকে ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা মাসিক ৪ লাখ টাকা বেতন পাবেন। এই তালিকায় আছেন সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
সর্বশেষ ‘ডি’ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









