মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে পুলিশ কর্মকর্তা, বিচ্ছিন্ন হলো হাত-পা

গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি – গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক বা এসআই হিসেবে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সকাল সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেক্স ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল।
এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তখন অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এবং এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক কাইয়ুম আলি বিষয়টি নিশ্চিত করে জানান যে মো. হাবিব সকালে দাপ্তরিক কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন।
কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









