জাতীয়

শরিফ ওসমান হাদি হত্যা: সিআইডি প্রতিবেদন না দেওয়ায় নতুন তারিখ ২৬ ফেব্রুয়ারি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ ঘোষণা করেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা বা হত্যার অভিযোগ সংযোজন করা হয়। এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। তবে বাদীপক্ষ ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন জানালে আদালত মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। ডিবির চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং ৬ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language