ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে যথাযথ নিয়মের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নবনিযুক্ত মন্ত্রী এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি শিক্ষক বা শিক্ষা কর্মকর্তাদের বদলি নিয়ে কোনো ধরণের অনিয়ম বা বাণিজ্য বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে বুধবার দায়িত্ব গ্রহণের পরপরই মন্ত্রী জানিয়েছিলেন, পাবলিক পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁসের মতো ঘটনা আর ঘটতে দেয়া হবে না।
অতীতের অভিজ্ঞতার আলোকে নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় কঠোর নজরদারির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। প্রেস ব্রিফিংয়ের সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









