রমজানে সংযুক্ত আরব আমিরাতে হাজারো বন্দির মুক্তি, আর্থিক জরিমানাও মওকুফ

আবুধাবি, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে আটক হাজারো বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। বন্দিরা যেন পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র এই মাসের আনন্দ ভাগ করে নিতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই লক্ষ্যেই এই সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে।
কেবল মুক্তি নয়, আমিরাতের শাসকরা মুক্তিপ্রাপ্তদের আর্থিক জরিমানাও পরিশোধ করবেন বলে জানানো হয়েছে।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ বছর রমজানের শুরুতেই ১ হাজার ৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। দুবাইয়ের শাসক এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম
দুবাইয়ের বিভিন্ন সংশোধনাগার থেকে ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা করেছেন। শারজাহর শাসক শেখ ডক্টর সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ৪০৭ জন বন্দিকে মুক্তির আদেশ দিয়েছেন।
আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুআইমি ১৩৪ জন বন্দিকে মুক্তি দিচ্ছেন। রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ৪০৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন এবং এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।
এছাড়া ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি ১২৫ জন বন্দিকে ক্ষমা করেছেন। বন্দিদের আচরণ ও স্বভাব যাচাই করেই এই মুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









