ব্যবসা

রমজানের শুরুতেই ঢাকায় অস্থির পেঁয়াজের বাজার, কেজিতে বাড়ল ১৫ টাকা

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসের প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দামে অস্থিরতা লক্ষ্য করা গেছে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আর আকারে কিছুটা ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার বা মোকামে দাম বাড়ার কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

খুচরা পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দুই-তিন দিন ধরেই দাম ঊর্ধ্বমুখী। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বাজারে এই প্রভাব পড়েছে। এছাড়া রমজান উপলক্ষে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা এই মূল্যবৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন।

মারুফ হোসেন নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান এলেই ব্যবসায়ীরা সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ খোঁজেন। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ১০০ টাকার নিচে দুই কেজি পাওয়া যেত, এখন তা কিনতে ১২০ থেকে ১৩০ টাকা গুণতে হচ্ছে।

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন জানান, নিম্নবিত্তদের জন্য এই বাড়তি দাম মড়ার ওপর খাঁড়ার ঘা।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language