রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ও ইফতার নিয়ে বিশেষ নির্দেশনা

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচির সঙ্গে সমন্বয় করে ঢাকার মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার বা প্রথম রমজান থেকেই এই নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়েছে। পাশাপাশি ইফতারের সময় মেট্রোরেলে অবস্থানকারী যাত্রীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে ইফতারের সময় যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় পানি পান করতে পারবেন। তবে এ ক্ষেত্রে যাত্রীদের সর্বোচ্চ ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার পানির বোতল বহন করার অনুমতি দেওয়া হয়েছে। যাত্রীদের সতর্ক থাকতে হবে যেন পানি কোনোভাবেই মেঝেতে না পড়ে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পানি পানের পর ব্যবহৃত বোতল যেখানে সেখানে ফেলা যাবে না।
অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি ও এক্সিট গেটে রাখা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। পানি ছাড়া অন্য কোনো প্রকার খাবার প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা ট্রেনের ভেতর গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ডিএমটিসিএল জানিয়েছে, রমজান মাসে সাপ্তাহিক কর্মদিবসগুলোতে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই বিশেষ সময়সূচি বহাল থাকবে। তবে শুক্রবার ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং দিনের শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









