জাতীয়

রাষ্ট্রপতির পদ শূন্য হলে রমজানেই নির্বাচনের প্রস্তুতি ইসির

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতির পদ শূন্য হলে রমজান মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় আনুষ্ঠানিক ভোট কার্যক্রম স্থগিত থাকলেও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আগাম প্রস্তুতি রাখছে সাংবিধানিক এই সংস্থাটি।

ইসি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নিজেই বিভিন্ন গণমাধ্যমে পদ শূন্য হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং রাজনৈতিক মহলে এ নিয়ে নানা আলোচনা চলছে। তাই কমিশন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে যাতে পদ শূন্য হবামাত্র দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ প্রসঙ্গে বলেন, হুট করে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, তাই আমরা আগে থেকেই প্রস্তুত থাকছি। যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয় তবে আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে হবে। এছাড়া জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে সেখানেও উপনির্বাচন করার প্রয়োজন হতে পারে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যকাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর। তবে মেয়াদ শেষ হলেও পরবর্তী উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকেন।

রাষ্ট্রপতি চাইলে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে রাষ্ট্রপতি অপসারিত হতে পারেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি অনুপস্থিত থাকলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যের প্রস্তাবক ও একজন সমর্থকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক এবং ভোটার হিসেবে শুধুমাত্র সংসদ সদস্যরা ভোট প্রদান করেন।

নির্বাচন কমিশন নির্বাচনের সময়সূচি নির্ধারণ, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করবে বলে জানানো হয়েছে। দেশের শাসন ব্যবস্থায় যাতে কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি না হয়, সে লক্ষ্যেই ইসি তাদের প্রস্তুতি এগিয়ে রাখছে।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language