ঢাকায় বৃহস্পতিবারের উল্লেখযোগ্য রাজনৈতিক ও সরকারি কর্মসূচি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সরকারের বিভিন্ন দফতর ও রাজনৈতিক দলের নানা কর্মসূচি পালিত হবে। দিনের শুরুতেই কৃষি ও খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সকাল ৯টায় মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) উপস্থিত থাকবেন।
সেখানে তিনি পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে ব্যস্ততা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও নবগঠিত সরকারের সফলতা কামনা করা হবে।
এছাড়া বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১৩ নম্বরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সুশীল সমাজের কার্যক্রমের অংশ হিসেবে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেখানে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ তুলে ধরা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতারের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









