রমজানে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলো এই কর্মসূচি বাস্তবায়নে অংশ নেবে। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো এক বার্তায় এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রমজান উপলক্ষে শাখাভিত্তিক স্বাগত র্যালি, শহীদ পরিবার, শিক্ষার্থী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন। এছাড়া ইসলামের আহ্বানে গ্রাফিতি অঙ্কন, বিষয়ভিত্তিক আয়াত, হাদিস ও সূরা মুখস্থকরণ প্রতিযোগিতা এবং মসজিদভিত্তিক সহিহ কুরআন প্রশিক্ষণ ও দারসুল কুরআন এবং হাদিস পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদানের উদ্যোগও নিয়েছে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে মাহে রমজানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল বিতরণ করা হবে।
এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে ছাত্রশিবির। এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে ধর্মীয় শিক্ষা বিস্তার, মানবসেবা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









