জাতীয়

দুদকের মামলায় টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।

পরোয়ানাভুক্ত অপর আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আদালতের আদেশে আগামী ৮ মার্চের মধ্যে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। অবৈধ সুবিধা গ্রহণ করে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট আত্মসাতের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলার এজাহারে অভিযোগ আনা হয় যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার ফ্ল্যাটটি দখল নেন এবং পরবর্তীতে রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর তদন্ত কার্যক্রম শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language