ফেনী

রমজানের আগেই ফেনীর বাজারে মুরগি, পেঁয়াজ ও সবজির দামে আগুন

ফেনী, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস সমাগত হওয়ার আগেই ফেনীতে পেঁয়াজ, সবজি, মুরগি, মাংস ও দেশি মাছের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার শহরের বড় বাজার ও সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় অধিকাংশ পণ্যের দাম উর্ধ্বমুখী।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০ টাকায় দাঁড়িয়েছে। মাংস ব্যবসায়ী ইদ্রিসের দাবি, এই দাম বৃদ্ধি সাময়িক এবং কিছুদিন পর তা কমে আসবে। এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।

লেয়ার বা লাল মুরগির দাম কেজিপ্রতি ৩২০ টাকা। মুরগি বিক্রেতা মমিন জানান, রমজানে চাহিদা বাড়ার কারণে প্রতি বছরই দাম কিছুটা বৃদ্ধি পায়। সবজির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি শসা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক হালি লেবুর দাম এখন ৬০ থেকে ৮০ টাকা। জিয়া উদ্দিন নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে যে বেগুন ৫০ টাকা ছিল তা এখন ৮০ টাকা। ক্রেতা সাধারণের অভিযোগ, রমজান ঘনিয়ে এলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর বাজার মনিটরিং শুরু হয়নি।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language