ফুটবল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল আকস্মিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন।

মঙ্গলবার বিকেলে অত্যন্ত নিভৃতে তিনি ক্যাম্পাসে আসেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন কাজের উদ্বোধন উপলক্ষেই তার এই আগমন। তুরস্কের দাতব্য সংস্থা ‘টিকা’র (TIKA) অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে ওজিলের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই ওজিলের আগমনের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়, যদিও নিরাপত্তার কারণে সাধারণ শিক্ষার্থীরা তার খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পাননি।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও ভিপি সাদিক কায়েম অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

সাদিক কায়েম জানান, মেসুত ওজিল এবং বিলাল এরদোয়ান বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেই এসেছেন। বিশেষ করে গত জুলাইয়ে সংঘটিত বিপ্লব এবং রংপুরের শহীদ আবু সাঈদের ব্যাপারে ওজিল স্বপ্রণোদিত হয়ে খোঁজখবর নিয়েছেন, যা উপস্থিত ছাত্রনেতাদের বিস্মিত করেছে। বাংলাদেশের ফুটবলের প্রতিও ওজিল ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন।

ডাকসু নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের বিপুল ফুটবল সমর্থক গোষ্ঠীর কথা জানেন এবং এ দেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বাফুফের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের মাধ্যমে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।

ডাকসুর পক্ষ থেকে ওজিলকে স্মারক ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী চিত্র উপহার দেওয়া হয়।

জানা গেছে, ওজিল আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং সেখানে ইফতার মাহফিলে অংশ নিয়ে এরপর দেশ ত্যাগ করবেন।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language