জাতীয়

সরকারি গাড়ি নয়, নিজস্ব গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার, ১৮ ফেব্রুয়ারি – রাষ্ট্রীয় প্রটোকল ও খরচের লাগাম টানতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে তিনি সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন। গাড়ির চালক এবং জ্বালানি খরচও বহন করবেন ব্যক্তিগতভাবে। বুধবার বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সরকারি সুযোগ-সুবিধা কমিয়ে আনার অংশ হিসেবে নিজের টয়োটা গাড়িটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তিনি গুলশানের বাসা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং শেরে বাংলা নগরে যাওয়ার সময়ও নিজের সাদা রঙের টয়োটা গাড়িটি ব্যবহার করেন। সেখান থেকে সচিবালয়েও একই গাড়িতে যান তিনি। শুধু গাড়ি পরিবর্তনই নয়, জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের আকারও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে প্রধানমন্ত্রীর বহরে ১৩-১৪টি গাড়ি থাকলেও বর্তমানে তা কমিয়ে চারটি করা হয়েছে। এছাড়া শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে তার গাড়িতে জাতীয় পতাকাও দেখা যায়নি।

তবে রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। যানজট নিরসনেও প্রধানমন্ত্রী নতুন নির্দেশনা দিয়েছেন। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হবে, যাতে মন্ত্রীদের চলাচলের কারণে ভিআইপি জ্যাম সৃষ্টি না হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকার প্রথাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language