চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

চুয়াডাঙ্গা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আওতায় বাজারদরের চেয়ে কম মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করা হচ্ছে।

বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। রমজান মাসে বাজারদর স্থিতিশীল ও সহনীয় রাখতে প্রশাসনের এই বিশেষ উদ্যোগে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা, তরল দুধ প্রতি কেজি ৭৫ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে।

নির্ধারিত মূল্যে এসব পণ্য কিনতে পেরে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক আ হা ম শামিমুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language