স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন। পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকল শহীদের মাগফিরাত কামনা করেন।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









