সাহরি ও ইফতারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয়, ১৮ ফেব্রুয়ারি – আসন্ন রমজান মাসে সাহরি ইফতার ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। বৈঠকের আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান যে বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল জনসমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের সব ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও জানান যে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এছাড়া নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মতো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে সরকারি উদ্যোগের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন যে মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজারের স্থবিরতা কাটাতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তাব দেওয়া হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে যে গতি ছিল তা ফিরিয়ে আনতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন। এছাড়া সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









